নিজস্ব প্রতিনিধি: এসএসসি মামলায় বৃহস্পতিবার সকালেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে চাকরিহারা মানুষ পথে নেমেছেন, অনশন করেছেন, হাতে প্ল্যাকার নিয়ে প্রতিবাদও জানিয়েছেন। তবে চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি রাজ্য।
বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকে চাকরি হারানো শিক্ষকদের উদ্দ্যেশে মুখ্যমন্ত্রী বলেন, “বহু জনের মতামত এই পর্ব ২০২৬ সাল পর্যন্ত চলবে। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত যাওয়ার প্রশ্ন নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে।”
সুপ্রিম কোর্টের রায় নিয়ে মমতার বক্তব্য, ‘‘ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেয়েছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, কী করে দেওয়া যায়। বিকল্প পথও বলে দিয়েছিলাম।’’
মমতা আরও বলেন, ‘‘আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না।’’
শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে না। এবিষয় বৈঠকে মাননীয়া আরও বলেন, ‘‘আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি, সরকারের প্রতি ভরসা রাখুন।’’
সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর (এঁদের মধ্যে ১৭ হাজার ২০৬ জনই শিক্ষক-শিক্ষিকা) নিয়োগ বাতিলের জেরে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, শুধুমাত্র ‘যোগ্য’ শিক্ষকরাই আপাতত কাজ চালাতে পারবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আদালতের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।