নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই হেফাজতে রয়েছেন ‘ কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই আবহে এবার তিনি সিবিআই হেফাজতে বন্ধ করে দিলেন খাবার এবং ওষুধ। আর তাতেই ‘ কালীঘাটের কাকু’-র বাড়ছে সুগার। এমন অবস্থায় তাঁকে আর হেফাজতে নিতে চাইছে না সিবিআই। শনিবার আদালতে একথা জানিয়েছেন তদন্তকারী সংস্থার আইনজীবী ।
এদিন ফের বিচার ভবনে সুজয়কৃষ্ণের মামলা ওঠে। সেইসময় তাঁকে নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তাঁকে জেল হেফাজতের পাঠানোর আবেদন জানান বলে খবর। তবে বিচারক শনিবার ‘কালীঘাটের কাকু’কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে খারিজ করে দেন সুজয়কৃষ্ণের জামিনের আবেদন।
ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল ২০২৩ সালের মে মাসে। কিছুদিন আগে সুজয়কৃষ্ণ শর্তসাপেক্ষে ইডির মামলায় জামিন পান। প্রায় দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে কবে কালীঘাটের কাকু সিবিআই মামলায় জামিন পাবেন তা এখন অনিশ্চিত রয়েছে ।