নিজস্ব প্রতিনিধিঃ- এবার থেকে চাইলেই মিলবে না ঘর। বিধায়কের সুপারিশ থাকলেও মানতে হবে একাধিক নিয়ম। সেই সঙ্গে এমএলএ হোস্টেলের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি সামনে আনল এমএলএ হোস্টেলের অতিথিশালার কর্তৃপক্ষ।
এমএলএ হোস্টেলের অতিথিশালা থেকে জানা গিয়েছে, রাজ্য বিধানসভা স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হোস্টেলের অতিথিশালায় থাকবেন তাঁদের অন্তত সাতদিন আগে আবেদন করতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র এবং অন্যান্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ঘর বরাদ্দ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্যে ঘর ভাড়া নিচ্ছেন বলে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বিগত কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে টাকার তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে- র সুপারিশে ৪১টি ঘর ভাড়া দেওয়া হয়। বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এমএলএ হোস্টেলের সুপার সুশান্ত মণ্ডলকে তলব করেছে। এরপরই শক্ত হাতে হাল ধরতে নির্দেশিকা জারি করল এমএলএ হোস্টেলের অতিথিশালার কর্তৃপক্ষ।