নিজস্ব প্রতিনিধিঃ- নতুন বছর শুরু হতে আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরই ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মেতে উঠবে রাজ্যবাসী। বর্ষবরণের রাতে শহরতলির বিভিন্ন প্রান্ত চলবে পিকনিক সহ নানা অনুষ্ঠান। এবার সেই অনুষ্ঠানের মাঝে যাতে যাতায়াত নিয়ে কোন সমস্যা না হয়, তার জন্য বিশেষ পরিষেবার কথা ভাবলো মেট্রো কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে, আর কবি সুভাষ স্টেশনে রাত ১০টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থকে শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং কবি সুভাষ থেকে ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক, গ্রিন লাইন-২ অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া, পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখার্জি (রুবি হসপিটাল পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
জানা গিয়েছে, এই পরিষেবা নেওয়ার একাধিক শর্ত রয়েছে। যা কলকাতা মেট্রোর কমার্শিয়াল বিভাগের তরফে নেওয়া হয়েছে। অধিকাংশ যাত্রী এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, রাত ১০টা ৪০ মিনিটের এই পরিষেবায় সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকে। একমাত্র স্মার্ট কার্ড কিংবা মেশিনের টোকেন দিয়ে মেট্রোয় ওঠা যায়। যদিও বেশিরভাগ স্টেশনের মেশিন খারাপ থাকে বলে যাত্রীদের অভিযোগ।