নিজস্ব প্রতিনিধি: ‘মিনি সুইৎজারল্যান্ড’ খ্যাত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। নিরীহদের রক্তে লাল হয়েছে ভূস্বর্গের মাটি। ওই হামলার ঘটনায় ফুঁসছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারতের প্রাক্তন অধিনায়ক সরাসরিই পহেলগাঁওতে হামলাকারীদের চরম শাস্তি দাবি করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসারনের এক রিসর্টে আচমকাই মৃত্যুদূতের মতো হানা দেয় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি জঙ্গি সংগঠনের চার থেকে পাঁচ সন্ত্রাসী। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিরীহ পর্যটকদের উপরে অতর্কিত গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক। কেউ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন। গোটা দেশের মানুষ ওই বর্বরোচিত হামলায় হতবাক হয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, কাশ্মীরকে ঠান্ডা করে দেওয়া হয়েছে। জঙ্গিদের নির্মূল করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের দাবি যে কতটা অসাড় তা পহেলগাঁওয়ের হামলাতেই প্রমাণ হয়েছে। প্রায় দুই দশক বাদে ভূস্বর্গে এমন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল।
জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন বাংলার দুই পর্যটক বিতান অধিকারী ও মণীশ রঞ্জনও। মঙ্গলবার গভীর রাতেই ওই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে এক পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হানায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা.. ভারত সরকারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত.. কাউকে রেহাই দেওয়া হবে না।’
My thoughts and prayers with the families who lost their lives in pehelgaum .. severe action needs to be taken against the culprits ..by the Govt of india .. none to be spared ..
— Sourav Ganguly (@SGanguly99) April 22, 2025