নিজস্ব প্রতিনিধিঃ শপথ বাক্য পাঠ করে সদ্য বিধায়কের মসনদে বসেছেন ৬ বিধানসভা কেন্দ্রের বিধায়কেরা। তবে এবার টার্গেট ২৬-র বিধানসভার নির্বাচন। আর হাতে বেশি সময় নেই! তাই নতুন বিধায়কদের শপথ গ্রহণের অনুষ্ঠান মিটতেই নতুন ও পুরনো বিধায়কদের নিয়ে বিধানসভায় এক পরিষদীয় দলের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বৈঠকে দলীয় শৃঙ্ঘলা রক্ষায় বেশ জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সমস্ত প্রকল্পে উপস্থিত থাকতে হবে। এর পাশাপাশি বিধানসভার নির্বাচনের দিকে নজর দিয়ে বলেন, “এমন কোন মন্তব্য করবেন না, যা নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হয়”। সেই সঙ্গে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী প্রত্যেক বিধায়ককে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বেশি কথা বলার দরকার নেই, বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করুণ। তিনি আরও বলেন, যদি কোন সমস্যা হয়, তবে মন্ত্রিদের প্রশ্ন করুণ, তাঁরা যথাযথ উত্তর দেবেন। এদিনের এই বৈঠক থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাঁধে তুলে দেন এক গুরু দায়িত্ব। মুখ্যমন্ত্রী জানান, এক whatsapp গ্রুপ তৈরি করতে হবে, তার মাধ্যমে কখন কোন মন্ত্রী কোথায় গেলেন, কি বললেন, সবই খতিয়ে দেখবেন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেই জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বিগত কিছু দিন আগে বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবীর নানা রকম মন্তব্য করায় বেশ বিপাকে পড়তে হয়েছিল তৃণমূলকে। এই নিয়ে বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজও করেছিল দল। তাই নতুন বিধায়কদের পেয়েই দলের পাঠ পড়াতে চাইছেন বলেই মত ওয়াকিবহল মহলের একাংশের।