নিজস্ব প্রতিনিধি : ফের পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি। বুধবারও বিশেষ সিবিআই আদালতে হল না শুনানি। কোন আদালতে এই মামলা শুনবে, তা ঠিক হতে পারে আগামী ২২ নভেম্বর। ফলে তাঁর জামিন কি আদৌ এবছরের মধ্যে সম্ভব কি না, তা এখনও বলা যাচ্ছে না।
এখন প্রশ্ন উঠছে, আদৌ কি এই বছর জামিন মঞ্জুর হবে পার্থ চট্টোপাধ্যায়ের? এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি।শারীরিক অসুস্থতাও বাড়ছে। আর বার বার এই যুক্তিতেই তাঁর জামিন পেতে তৎপর আইনজীবীরা। কিন্তু বারবার তা পিছিয়ে যাচ্ছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০২১ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পর থেকে তাঁর জামিন মামলা ক্রমশ পিছিয়েই যাচ্ছে। বিচারকের কাছে সাক্ষীদের গোপন জবানবন্দি করানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, ২২ নভেম্বর সিদ্ধান্ত হবে, কোন আদালতে প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত দায়ের করা সিবিআইয়ের মামলার শুনানি হবে। এই নিয়ে আর কিছু বিস্তারিত জানা যায় নি।