নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বাংলা সহ গোটা দেশ জুড়ে বাড়ছে প্রতারণার ঘটনা। প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন। এই আবহে এবার সামনে আসছে চাকরি বাজারেও প্রতারণা। কীভাবে চলছে এই চক্র? নামী আইটি কোম্পানির বিজ্ঞাপন দেখে চাকরিপ্রার্থীরা বায়োডেটা জমা করলেই জানিয়ে দেওয়া হচ্ছে ইন্টারভিউয়ের দিনক্ষণ। গুগল মিটের মাধ্যমে চলছে ইন্টারভিউ পর্ব। এরপর কিছুক্ষণের মধ্যে চলে আসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার।
সংশ্লিষ্ট সংস্থার নামে স্ট্যাম্প, লোগো ইত্যাদি সবই রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে। তা দেখে বোঝা যাবে না এটি সাইবার প্রতারকদের পাতা ফাঁদ। আপনি যখন নতুন চাকরি পাওয়ার আনন্দিত তখনই সামনে আসবে আসল ঘটনা। ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার জন্য ‘জব সিকিউরিটি’ ও ‘ল্যাপটপ চার্জ’ বাবদ প্রায় ২ লক্ষ টাকা চাওয়া হবে। শুধু তাই নয় প্রথম বছর বেতনের সঙ্গে ওই টাকা ‘অ্যাডজাস্ট’ করে দেওয়া হবে জানিয়ে দেয় প্রতারকরা। এরপরেই আপনি বিশ্বাস করে টাকা পাঠালেই প্রতারকরা সব যোগাযোগ বন্ধ করে দেয়।
উল্লেখ্য , বর্তমানে চাকরির বাজার মন্দ। আর এই সময়তেই চাকরি ক্ষেত্রেও প্রতারণার ফাঁদ ফেলছেন দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই নিয়ে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে জারি হয়েছে সতর্কতা। সম্প্রতি গৌরব শর্মা নামে হরিয়ানার এক যুবক এই প্রতারণার শিকার হয়েছেন। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি প্রথম সারির তিনটি চাকরির পোর্টালে অ্যাকাউন্ট খোলেন। গত ১২ নভেম্বর তার মধ্যেই একটিতে চাকরির ‘অফার’ আসে। ইন্টারভিউ দিতেই চলে আসে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এরপর তাঁর কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা দাবি করা হয়। অনলাইনে গৌরব সেই টাকা পাঠানোর পর ওই সংস্থার তরফ থেকে আর কেউ যোগাযোগ করেনি । বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে এই চক্র।