নিজস্ব প্রতিনিধি: ফের নিম্নচাপের চোখ রাঙানি। আগামী সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর এর জেরেই দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা নেই। শনিবার ও রবিবার বৃষ্টি কমলেও জারি থাকবে দুর্যোগ। সোমবার থেকে সেই দুর্যোগ বাড়বে।
বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকা। যাদবপুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক সহ গোটা এলাকা প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। এই অবস্থাতেই নতুন করে ভয় ধরাচ্ছে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সরে আসার পাশাপাশি উত্তর ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ঘূর্ণাবর্তটি রয়েছে, সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ওই একই জায়গায় নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবারের মতো শুক্রবার ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে বৃষ্টির মাত্রা তুলনামূলক কমবে। রবিবারও বৃষ্টি কম হবে। কিন্তু সোমবার থেকেই নতুন নিম্নচাপের জন্য বৃষ্টি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বর্ষাকালে হঠাৎ করেই ঘূর্ণাবর্ত্য তৈরি হবার প্রবণতা থাকে। সেই মতো তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দুই চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।