নিজস্ব প্রতিনিধিঃ জানুয়ারি মাসে উধাও ঠাণ্ডা। এসি-পাখা চালানোর উপক্রম হয়েছিল। কিন্তু রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রার পারদ। এক রাতে সাড়ে ৩ ডিগ্রি পারদ পতন কলকাতায়। আগামী দুদিন পারদ থাকবে নিম্নমুখী। কিন্তু এরপর ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানা গিয়েছে।
রবিবার জেলায় জেলায় ফিরেছে শীতের আমেজ । দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলাতে। এদিন কলকাতার আকাশ পরিস্কার থাকবে । কুয়াশার প্রকোপ কমবে। মঙ্গলবার এর মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে মহানগরীতে । অন্যদিকে ঘন কুয়াশার জন্য ফের এদিন সকালে ২৩টি বিমান নামতে ও ৩০টি বিমান ছাড়তে দেরি হয়েছে বলে খবর।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ফিরেছে শীতের আমেজ । ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার তাপমাত্রা ১৮.৫ থেকে কমে ১৫.১ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি । সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৩ শতাংশ।