নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ছুটির দিনে সকালে থেকেই আকাশের মুখ ছিল ভার। বেলা গড়াতেই শহর কলকাতায় নামল স্বস্তির বৃষ্টি। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় গরম বেশ কিছুটা কমেছিল। রবিবার সকাল থেকেই দেখা গিয়েছে আকাশে মেঘের আনাগোনা। একটু বেলা গড়াতেই নেমেছে বৃষ্টি। এরফলে আরও কিছুটা পারদ পতন শহরে।
রবিবার বেলা হতেই কোথাও ঝিরিঝিরি, কোথাও মুষলধারে বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতেই মিলেছে স্বস্তি। গা জ্বালা ধরানো গরম অনুভূত হয়নি রবিবার। মনোরম আবহাওয়া বজায় রয়েছে শহরে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানা গিয়েছে।
পাশাপাশি বলা হয়েছে, বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম আবহাওয়া কিছুটা হলেও থাকবে। বুধবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে খবর। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে৷ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাগুলিতে। এই সমস্ত জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে৷
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি। রাতের ঝড়বৃষ্টির জেরে প্রায় চার ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা মোটের ওপর মনোরম। রবিবার সকাল থেকে রোদের তেজ তেমনভাবে নেই। ফলে কমেছে অস্বস্তি।