নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনের যাওয়ার অনুমতি পেলেন কুণাল ঘোষ। তবে তাঁকে জমা রাখতে হবে ৫ লক্ষ টাকা। হ্যাঁ, কুণালকে ৫ লক্ষ টাকা জমা রেখেই বিদেশে যাওয়ার অনুমিত দিল কলকাতা হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) উচ্চ আদালতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ জানিয়েছে, আগামী ২১ মার্চ থেকে ৩০ মার্চ বিদেশ সফর করতে পারবেন কুণাল ঘোষ, কিন্তু তাঁকে ৫ লক্ষ টাকা আদালতে জমা রেখে বিদেশ সফরে যেতে হবে।
জানা গিয়েছে, সাংবাদিক হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডন সফরে যাবেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ওই বিদেশ সফরের অনুমতি চেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। চিটফান্ড মামলায় অভিযুক্ত কুণাল ঘোষের পাসপোর্ট আদালতে জমা রয়েছে দীর্ঘদিন ধরেই। তাই বিদেশ সফরের সময় প্রতিবারই তাঁকে আদালতে দ্বারস্থ হতে হয়। এবং আদালতের অনুমতি নিতে হয়। নয়তো তিনি বিদেশ সফরে যেতে পারবেন না। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি বসাক বুধবার জানতে চান, মামলাকারী কোথা থেকে টাকা নিয়ে বিদেশে যাবেন? তাঁর টাকার উৎস কী? উত্তরে কুণালের আইনজীবী জানান, তাঁর মক্কেল একটি সংবাদমাধ্যমে কাজ করেন। সেই সূত্রেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ যাবেন। শেষমেশ যুক্তি-পাল্টা যুক্ত কাটিয়ে ৫ লক্ষ টাকা জমা রাখার বিনিময়ে কুণালকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, ১২ বছর আগে চিটফান্ড সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। ২০১৩ সালে ২৩ নভেম্বর তিনি গ্রেফতার হন। ২০১৪ সালে তাঁকে হেফাজতে নেয় CBI। জেলও খাটতে হয় তাঁকে। অবশেষে ২০১৬ সালে শর্তসাপেক্ষে জামিন পান কুণাল। সেই থেকেই তাঁর পাসপোর্ট আদালতের কাছে জমা রয়েছে। তাই আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ সফরে যেতে পারবেন না।