নিজস্ব প্রতিনিধি: নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওই সৌজন্য সাক্ষাৎকারের সময়েই বাংলার মুখ্যমন্ত্রীকে কাশ্মীর সফরের আমন্ত্রণ জানিয়েছেন ফারুখ পুত্র। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা জানিয়েছেন, পুজো মিটে গেলেই কাশ্মীরে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। বাংলার মুখ্যমন্ত্রীকে কাশ্মীর সফরে যাওয়ার আমন্ত্রণ জানানোর পাশাপাশি পুজোর সময়ে বাংলা থেকে পর্যটকরা যাতে নির্ভয়ে উপত্যকায় ঘুরতে যান সেই অনুরোধও জানিয়েছেন ওমর।
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে পর্যটন বাণিজ্য মেলার উদ্বোধন করতে বুধবারই কলকাতায় পা রেখেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। মেলা উদ্বোধন শেষে সোজা চলে যান নবান্নে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওমর। পহেলগাঁও জঙ্গি হামলার পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তা নিয়ে কৃতজ্ঞতা জানান ওমর। একান্তে দু’জনে বেশ খানিকক্ষণ কথাও বলেন। সূত্রের খবর, জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার পথ কী হবে তা নিয়ে কথা হয়েছে মমতা-ওমরের। ওই বৈঠকের পরেই দুই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।
মমতার প্রশংসা করে ওমর বলেন, ‘মমতা দিদির সঙ্গে সম্পর্ক আজকের নয়। তিনি বারংবার কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০১৯ সালে আমরা যখন নানা সমস্যা জর্জরিত হয়ে পড়েছি, তখনও তিনি আমাদের পাশে দাঁড়িয়ে্ছিলেন। পহেলগাঁও-কাণ্ডের পর ভারতের প্রত্যাঘাত ও তার পাল্টা পাকিস্তান যখন রাজৌরি এলাকায় বোমা ছুড়ল, সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে দিদির প্রতিনিধিরাই ছুটে গেল।’ এর পরেই বাংলার মুখ্যমন্ত্রীকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ফারুখ পুত্র বলেন, ‘আমি জানি উনি নানা কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আমি অনেকবার তার অতিথি হিসাবে এসেছি। এবার আমি চাই উনি (মমতা) দুই-তিন দিনের জন্য হলেও কাশ্মীরে আসুন।’
ওমরের আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়ে মমতা বলেন, ‘পুজোর পর কাশ্মীরে একবার ঘুরে আসার চেষ্টা করব।’ কাশ্মীর সফরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করার পাশাপাশি পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে কেন্দ্রকে খোঁচা দিতে ভুল করেননি বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কাশ্মীরের নিরাপত্তা রাজ্য সরকার দেখে না। কেন্দ্রীয় সরকার দেখভাল করে। কীভাবে নিরাপত্তার ফাঁক গলে জঙ্গিরা হামলা চালাল? কেন্দ্রের উচিত রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক রাখতে ওমরের সঙ্গে সমন্বয় রেখে চলা। যাতে পর্যটকরা নিশ্চিন্তে কাশ্মীরে ঘুরতে যেতে পারেন।’