নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁর শারীরিক অবস্থা জানতে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরীক্ষা করাতে হবে । আগামী দু’সপ্তাহের মধ্যেই আদালতে জমা জমা দিতে হবে সেই রিপোর্ট। ২ অগস্ট কলকাতা হাইকোর্টে ফের হবে এই মামলার শুনানি।
মঙ্গলবার আদালতে শুনানি চলাকালীন সময় বালুর আইনজীবী বলেন, ‘ভালো নেই জ্যোতিপ্রিয় মল্লিক। কিডনির সমস্যা হচ্ছে। জেলে যাওয়ার পর কিডনির পরীক্ষা হয়নি। এরফলে কেমন রয়েছে তাঁর কিডনির অসুখ তা জানা যাচ্ছে না।‘ পাশাপাশি আদালতে তিনি এও অভিযোগ করেন, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদনের পরেও কাজ হয়নি। আর এই বক্তব্যের পরেই বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন বালুর শারীরিক পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত বছরের ২৭ অক্টোবর দীর্ঘ জেরার পরেই দাপুটে তৃণমূল নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনে গম দেওয়ার নাম করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। দুর্নীতির জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী ও মেয়েকে ওইসব সংস্থার পরিচালক পদে বসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিলেন। শুধু তাই নয়, বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সাহায্যে বিপুল টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে এই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।