নিজস্ব প্রতিনিধিঃ ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে। সরব হয়েছেন দেশের একাধিক নেতা । তাঁর এই বক্তব্য নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন,’ মোহন ভাগবতের মন্তব্য দেশ বিরোধী।’
এদিন নবান্ন থেকে প্রধান মোহন ভাগবতকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার আগে তো বটেই, পরেও কতশত মানুষ জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন। এসব করে দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এধরনের মন্তব্য বিপদজনক।‘ সেইসঙ্গে মমতা আরও বলেন,’ স্বাধীনতা আমাদের গর্ব। আপনারা কী মনে করেন? যে কোনও দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস, যখন ইচ্ছে পাল্টে দিতে পারে? এটা হয় না। দেশের জন্য প্রাণ দিয়েছেন কত মানুষ। আমরা সেইগুলি কী করে ভুলে যাব?’
বলা বাহুল্য, শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয় আরএসএস প্রধানের বক্তব্য নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার তিনি বলেছিলেন,’ ‘ মোহন ভগবতের বক্তব্য দেশদ্রোহিতার সমান । তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি আরএসএস প্রধানের এই মন্তব্য প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক।‘ এরপরেই মোহন ভগবতকে নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেছিলেন মোহন ভগবত ?
১১ তারিখ রামলালার ‘মহা অভিষেক’ অনুষ্ঠান থেকে মোহন ভাগবত বলেন, ‘ ভারত ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছে কিন্তু তা রাজনৈতিক স্বাধীনতা ছিল। রাম মন্দির যে দিন প্রতিষ্ঠা হয়েছে সে দিনটিই ভারতের স্বাধীনতা দিবস। সে দিন দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে । ‘ আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।