নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছরে মত চলতি বছরেও বেশ আড়ম্বরপূর্ণভাবেই কালীপুজোর আয়োজন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজের কালীঘাটের বাড়ির ভিতরে ছোট্ট মণ্ডপ , প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মায়ের ভোগ রান্না সবই তিনি নিজেই দায়িত্বভার নিয়ে দেখভাল করে থাকেন ।
এবছর দেখা গিয়েছে সেই একই চিত্র। এদিন সন্ধ্যায় একেবারে সাদামাটা গৃহকর্ত্রীর বেশে দেখা গেল স্বয়ং মুখ্যমন্ত্রীকে। তাঁর পরনে সরু বেগুনি পাড়ের সাদা শাড়ি, কাঁধে সাদা উত্তরীয়। ইতিমধ্যেই সামনে এসেছে কালীঘাটের বাড়িতে কালী আরাধনার ছবি। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির সামনে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা একটি ছবির পাশে লেখা আছে ‘শুভ দীপাবলি’। ইতিমধ্যেই কালীপুজো উপলক্ষে মমতার বাড়িতে পৌঁছিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুসময় কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
উল্লেখ্য, চলতি বছর ৪৭ বছরে পা দিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো । তিথি মেনে আজ সন্ধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছে মায়ের পুজো। কিছুক্ষণের মধ্যেই মায়ের ভোগের রান্নায় হাত লাগাবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আত্মীয়দের দেখভাল সারবেন নিজে । একথায় বলা যায়, কালীপুজো উপলক্ষে এদিন সকাল থেকে বেশ ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।