নিজস্ব প্রতিনিধিঃ ঠিক এক মাস পরেই রয়েছে গঙ্গাসাগর মেলা। ওই সময় হাজার হাজার পুণ্যার্থীরা আসেন সাগরদ্বীপে। তাই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবারই নবান্নে প্রশাসনিক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই মর্মে নবান্নের তরফে জারি হয়েছে নির্দেশিকা।
নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, ‘ এই বৈঠকের জন্য মথুরাপুরের সাংসদ বাপী হালদার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী সহ মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কারণ এবার মাস দুয়েক আগে থাকতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে সাগরদ্বীপে গিয়ে মেলার প্রস্তুতি শুরু করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ‘ ইতিমধ্যেই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও সাগরদ্বীপে গিয়ে নিজের দফতরের প্রস্তুতি দেখে এসেছেন।
উল্লেখ্য, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের হাতে থাকে মূলত গঙ্গা সাগর মেলার দায়িত্ব । এছাড়াও পরিবহন এবং পূর্ত দফতর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। বলা বাহুল্য, ‘ সব তীর্থ বারবার, গঙ্গাসাগার একবার’ । এই বহুল প্রচলিত প্রবাদটি পরিবর্তন হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। মমতার মুখে শোনা যায়, ‘গঙ্গাসাগর বারবার।‘ সেইজন্য প্রতিবছর দেশ, বিদেশ থেকে লক্ষ লক্ষ পূণ্যার্থী আসছেন সাগরে। তাই পূণ্যার্থীদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে বিশেষ নজর রাখে রাজ্য সরকার। নেওয়া হয় একাধিক ব্যবস্থা। বলা যায়, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গঙ্গা সাগরের দেখভাল করে থাকেন।