নিজস্ব প্রতিনিধি : মেলেনি পুলিশের অনুমতি। তাই আগামী ২৮ জুলাই ও ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাকে কোন জমায়েত করা যাবে না। মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির করা মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আগামী ২৮ জুলাই ও ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো ডিএ না মেটানো, শূ্ণ্যপদে নিয়োগ, আরজি করে ধর্ষণ করে খুন ও কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। চাকরিহারারাও এতে শামিল হবে বলে জানিয়েছে। কিন্তু নবান্ন অভিযানের জন্য পুলিশি অনুমতি মেলেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি উঠেছিল। তিনি বলেছেন, অনুমতি ছাড়া অভিযান করা হলে যদি ব্যবসায়ীদের সমস্যা হয়, তাহলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পুলিশ।
নবান্ন অভিযান করলে সমস্যা হয় মঙ্গলাহাট ব্যবসায়ীদের। কেনা-বেচায় ব্যাঘাত ঘটে। এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্যবসায়ীরা। এবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পুলিশের অনুমতি ছাড়া কোনও জমায়তে নয়। জমায়েত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে পুলিশ। এই সংক্রান্ত বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি।
ব্যবসায়ীরা জানান, আন্দোলনে বিপক্ষে নন তাঁরা। কিন্তু হাটের দিনে আন্দোলন করলে ব্যবসার ক্ষেত্রে ক্ষতির মুখে পড়েন তাঁরা। নবান্ন অভিযান হলে তাংদের ব্যবসা বন্ধ রাখতে হয়। তাই তাঁরা আদালতে গিয়েছেন। সেই মামলার শুনানিতেই আদালত জানিয়েছে ২৮ জুলাই কোনও জমায়েত করা যাবে না।