নিজস্ব প্রতিনিধিঃ আরও চাপ বাড়ল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। IMA অর্থাৎ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড হওয়ার পাশাপাশি তাঁর বাতিল হয়েছে প্রাথমিক সদস্য পদ। থ্রেট কালচার এবং আরজি করের ঘটনায় নাম জড়ানোর জন্য বিরূপাক্ষকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে একের পর এক বিতর্কে তিনি জড়িয়েছিলেন । এবার তিনি পড়লেন আরও বিপাকে।
বর্তমানে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই স্ক্যানারে রয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে স্বাস্থ্যদপ্তর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর এবার তাঁকে সাসপেন্ড করল IMA। জানা গিয়েছে, যতদিন পর্যন্ত সিবিআই তদন্ত শেষ হবে ততদিন বহাল থাকবে এই সাসপেনশন। কারণ, সিবিআই তদন্তে উঠে এসেছে চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে ছিলেন বিরূপাক্ষ। ইতিমধ্যেই আর জি কর মামলায় বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে CBI।
বিরূপাক্ষকে দেওয়া চিঠিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন লিখেছে ,’ বর্তমানে আপনি সিবিআই স্ক্যানারে রয়েছেন। তাই স্বাস্থ্যদপ্তর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল এবং সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিলের রাজ্য় শাখাও আপনাকে সাসপেন্ড করেছে।‘ আর তাতেই কিছুটা হলেও চাপ বাড়ল বিরূপাক্ষের। তবে এদিনের এই সাসপেনশন নিয়ে এখন তাঁর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।