নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই। শনিবার হাজিরা দিতে তিনি পৌঁছিয়েছেন সিজিও কমপ্লেক্সে। সন্দীপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপাক্ষ। সূত্রের খবর, যেদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে তখন আরজি করে গিয়েছিলেন বিরূপাক্ষ। কী কারণে তিনি গিয়েছিলেন হাসপাতালে তা জানতেই তলব করল সিবিআই।
বিরূপাক্ষ বিশ্বাস হলেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিত্সক । অভিযোগ উঠেছে, পড়ুয়াকে ভর্তি করে দেওয়ার বিনিময়ে ৮ লক্ষ টাকা নিয়েছিল বিরূপাক্ষ। ইতিমধ্যেই জলঙ্গী থানায় তাঁর নামে দায়ের হয়েছে অভিযোগ। বিরূপাক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রথমে তাঁকে বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছিল। এরপরেই তাঁকে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য , আরজি কর কাণ্ডের আবহে সামনে আসে একটি অডিয়ো। সেখানেই শোনা যাচ্ছে হুমকি দিচ্ছেন বিরূপাক্ষ। এরপরেই প্রকাশ্যে আসে বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর দাদাগিরি। তিনি নাকি জুনিয়র চিকিৎসকদের হুমকি দিতেন। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিরূপাক্ষ। বলা বাহুল্য, আরজি কর কাণ্ডের পরেই বিরূপাক্ষের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এই আবহে এবার তাঁকে এবার তলব করল সিবিআই।