নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শনিবার থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রথম দিনেই এই প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। জানা গিয়েছে, প্রথম দিন ৬৩২টি শিবিরে শুরু হয়েছিল কাজ। সেখানে প্রায় দুই লক্ষ মানুষ এসেছিলেন সমস্যা নিয়ে। আধিকারিকদের সঙ্গে কথা বলে নিজেদের পাড়ার বা এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সমস্যা সমাধানের জন্য প্রকল্প নির্দিষ্ট করা হয়েছে।
সূত্রের খবর, প্রথম দিন শিবিরে যে সমস্ত সমস্যা নিয়ে কথা হয়েছে তার মধ্যে অধিকাংশই রাস্তা মেরামতের আবেদন এসেছে। সম্প্রতি দেখা গিয়েছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষায় তার অবস্থা আরো সঙ্গীন হয়ে গিয়েছে। তাই রাস্তা মেরামত নিয়ে বেশি আবেদন জমা পড়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে। পাশাপাশি রাস্তার আলো শৌচাগার স্কুল বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামতি নিয়েও একাধিক প্রস্তাব জমা পড়েছে।
শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। বিধায়ক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা শিবিরগুলো পরিদর্শন করেছেন। প্রতিটি শিবিরে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কাউন্টারও রয়েছে। জানা গিয়েছে, প্রথমদিনে দক্ষিণ ২৪ পরগনায় সবথেকে বেশি শিবির অনুষ্ঠিত হয়েছে। তারপরেই হয়েছে নদীয়া ও মুর্শিদাবাদে।
পাড়ায় পাড়ায় সমাধানের মতো আমাদের পাড়া, আমাদের সমাধান শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য। এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।