নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা । বুধবার রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন গার্ডেনরিচ থানা এলাকায় কর্তব্যরত এসআই অরুণকুমার মাইতি। আর সেইসময় তাঁর ওপর চলে হামলা । শুধু তাই নয় অভিযোগ উঠেছে এক মহিলা সিভিক ভলন্টিয়ারকেও হেনস্থা করা হয়েছে । পাহাড়পুর রোডের কাছে এই ঘটনাটি ঘটে।
এই হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ । ধৃতরা হলেন আদিত্য পাসওয়ান (২০) এবং সৈকত মাইতি (২১) নামে দুই যুবক। এনারা সকলেই মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাদেরকে পেশ করা হবে আদালতে । তবে কী কারণে হামলা চালায় ধৃতরা তা এখন জানা যায়নি । তাদেরকে গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ । বলা বাহুল্য, শুধু কলকাতা নয় বুধবার রাতে সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে ২ ক্লাবের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগরও। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন ।
উল্লেখ্য, গত নভেম্বরে ও রিজেন্ট পার্ক থানা এলাকায় গন্ডগোল থামাতে গিয়ে মার খেতে হয় পুলিশ কর্মীদের। জখম হন তারা । বলা যায়, কয়েকমাস ধরে পুলিশ কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনা উঠছে। বারবার কেন পুলিশের ওপর হামলা চলছে তা এখন স্পষ্ট নয় । তবে এইসকল ঘটনার জেরে পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।