নিজস্ব প্রতিনিধিঃ হিন্দি ও ইংরেজি ভাষার আগ্রাসন থেকে বাংলা ভাষাকে বাঁচাতে আয়োজিত হয়েছিল ‘যতদূর বাংলাভাষা’ উৎসব। টানা ১৫ দিন ধরে চলে এই উৎসব। উপস্থিত ছিলেন- দেশ এবং বিদেশের আড়াই হাজার কবি এবং সাহিত্যিকেরা। টানা ৫ বছর ধরে যুগসাগ্নিক পত্রিকা পরিবার আয়োজিত ও কিছু সাংস্কৃতিক সংগঠন মিলে ‘যতদূর বাংলাভাষা উৎসব’ পরিচালনা করছে । মূলত, বাংলাভাষার ঐতিহ্য ও গৌরবকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই যুগসাগ্নিক পত্রিকা পরিবার পালিত করে থাকে এই উৎসব।
এবারে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছিলো ১৮ অক্টোবর থেকে। তবে টানা ১২ দিন অনুষ্ঠান হবার পর ঘুর্ণীঝড় ডানার প্রভাবের জন্য কিছুদিনের জন্য স্থগিত হয়ে যায় এই অনুষ্ঠান। গত ২৬ নভেম্বর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্রমঞ্চে শিল্পী – সাহিত্যিক – কবি – গল্পকার – আবৃত্তিকার – নৃত্যশিল্পী – শ্রুতিনাটক অভিনেতার উপস্থিতিতে পরিসমাপ্তি হয় এই অনুষ্ঠানের। আবারও ২০২৫ সালে ডিসেম্বর মাসে এই অনুষ্ঠান সংগঠিত করা হবে বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।
চলতি বছর ‘যতদূর বাংলাভাষা’ উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী – জয়তী চক্রবর্তী ও অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ বিশিষ্টজনেরা । এই প্রসঙ্গে উৎসব কমিটির আহ্বায়ক তথা যুগসাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত জানিয়েছেন, ‘ টানা ১৫ দিন বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা নিয়ে এই উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেককে সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। ভালোবাসা জানাচ্ছি সেইসব সংগঠনকে যারা তাদের সীমিত সামর্থ নিয়ে বন্ধুতার হাত বাড়িয়ে দিয়েছিলেন । সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা ছাড়াই দীর্ঘকালব্যাপী পালিত হয়েছে এই উৎসব।‘