নিজস্ব প্রতিনিধি, বোলপুর : ফোনে বোলপুরে আইসিকে হুমকির পর ৬ দিন কেটে গেলেও হাজিরা দিলেন না অনু্ব্রত মণ্ডল। শারিরীক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছেন বোলপুরের কেষ্ট। প্রথমবারের নোটশে হাজিরা না দিলেও দলীয় কার্যালয়ে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। দ্বিতীয় নোটিশেও হাজির হননি তিনি। এবার অসুস্থ নেতাকে দেখতে যাবেন বীরভূমে অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ।
তিনি বলেছেন, সময় করে অসুস্থ অনুব্রত মণ্ডলকে দেখতে যাবেন। কোনওদিনই অনুব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ ছিল না বলে জানিয়েছেন কাজল শেখ। তাঁর কথায়, আজ পর্যন্ত কেষ্টদার তুতু ম্যা ম্যা হয়েছে বলে কেউ জানাতে পারবে না? কেউ প্রমাণ দিতে না পারলে সোশ্যাল মিডিয়ায় বা কেউ কোথাও কিছু বললে সেগুলোকে ভুল বলে মনে করেন। তিনি আরও বলেছেন, কাজের জন্য ব্যস্ততার মধ্যে রয়েছেন। তারপরেও সময় বের করার চেষ্টা করছেন। সময় বের করে কেষ্টর সঙ্গে দেখা করবেন। ফোনেও খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
অনু্ব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক নিয়ে জলঘোলা আজকের নয়। আগেও বহুবার দুজনের সম্পর্ক নিয়ে কথা উঠেছে। বারংবার মুখ্যমন্ত্রী দুজনকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। তারপরেও বিভিন্ন মহল থেকে উঠেছে একাধিক প্রশ্ন। বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডেও শোনা গিয়েছে কাজল শেখের নাম। এই ঘটনার পর মুখ খুলেছেন কাজল শেখ। অসুস্থ অনুব্রতকে দেখতে যাবেন এবং খোঁজ খবরও নেবেন বলে জানিয়েছেন তিনি। কোনওভাবেই ২ জনের সম্পর্ক খারাপ বলে মানতে নারাজ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।