নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা! তাই রবিরাব সকাল থেকে ফেস্টিভ মুডে দেখা গেল বীরভূমের জেলা তৃণমূল পরিষদের সভাধিপতি কাজল শেখকে। প্রথমে মন্দিরে পুজো দিয়ে তারপর কেক কেটে উদযাপন করলেন ‘বাংলার দিদি’র জন্মদিন।
রবিবার সকাল সকাল কঙ্কালীতলা মন্দিরে পৌঁছে যান কাজল শেখ। পুজো দিয়ে তারপর কেক কাটেন তিনি। গরিব মানুষদের হাতে তুলে দেন বস্ত্র। ঠিক সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের বাড়ির সামনে বোমাবাজি নিয়েও কথা বলতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, দু’বছর বোমা উদ্ধার, বোমাবাজির মতো ঘটনা ঘটেনি! কিন্তু, এখন কেন হচ্ছে সেই প্রশ্ন তুললেন কাজল! অনুব্রত ফিরে আসার পর বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের বিশ্লেষকদের।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মামন শেখ তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন। অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে।তারপরই আজ তৃণমূলের উপ-প্রধানের বাড়িতে বোমা বাজির ঘটনা ঘটে। তিনি বলেছিলেন, “আমি ও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে৷ একটা বোমা ফাটেনি ৷ পুলিশকে জানিয়েছি ৷ পুলিশ তদন্ত করুক। দুষ্কৃতিরা ধরা পড়ুক৷ মালদায় দেখলেন তো গুলি করে দলের নেতা খুন হল৷ আমিও খুন হয়ে যেতে পারি।” যদিও এই ঘটনায় সম্পূর্ণ সাজানো, নিরাপত্তা পাওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি বিজেপির।