নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : দ্বিতীয় পক্ষের স্বামীর অসুস্থতার খবর পেয়েই ছুটে এসেছিলেন। ঘরে ঢুকতেই ধারালো অস্ত্রের একের পর এক কোপে লুটিয়ে পড়েন মহিলা। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার প্রিয়নগর দক্ষিণ এলাকায় ।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বছর ৫৮-র ওই মহিলা তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীলের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন। প্রায় তিন বছর ধরে এই স্বামীর সঙ্গে প্রিয়নগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই মহিলা। আয়ার কাজ করে সংসার চালাতেন তিনি। দুজনের মধ্যে তেমন কোনও অশান্তি ছিল বলে জানতেন না প্রতিবেশীরাও।
শনিবার ঘরে ঢুকতেই ওই মহিলার ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত উজ্জ্বল শীল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথম পক্ষের ছেলেকে ফোন করে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে মাটিতে দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্থানীয়রাই। তাঁরাই ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই অভিযুক্ত উজ্জ্বল শীলকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে রয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন এই ধরনের ঘটনা ঘটালো অভিযুক্ত জানতে শুরু হয়েছে তদন্ত।
প্রতিবেশীরা জানিয়েছেন, চিৎকার শুনেই তাঁরা ছুটে গিয়েছিলেন। ঘরে ঢুকে ভয়াবহ দৃশ্য দেখতে পান। এত নৃশংস হত্যাকাণ্ড কেউ করতে পারে, ভাবতেই পারছেন না।