নিজস্ব প্রতিনিধিঃ মিড-ডে মিলের জন্য মাত্র ৭৪ পয়সা বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। আর অন্যদিকে এখন বাজারে মূল্যবৃদ্ধি । সামান্য আলু বা পিঁয়াজ কিনতে গেলেই মাথায় হাত পড়ছে আমজনতার। এই পরিস্থিতিতে এবার পড়ুয়াদের যাতে মিড- ডে মিলে ভালো খাবার খাওয়ানো যায় সেইজন্য নজিরবিহীন উদ্যোগ নিল স্কুল শিক্ষকেরা। এবার স্কুলের জমিতেই আলুর বিজ পুঁতে চাষ করতে শুরু করল শিক্ষক – শিক্ষিকারা। এমনই ঘটনা ঘটেছে হুগলির গোঘাট হাইস্কুলে।
এই প্রসঙ্গে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, মিড–ডে মিলের যা বরাদ্দ, তাতে পড়ুয়াদের ভালো খাবার দেওয়া যায় না। আর আলুর দাম এখন লাগামছাড়া। সেইজন্য আমরা চাষের কাজে হাত লাগিয়েছি , যাতে পড়ুয়াদের মিড- ডে মিলে ভালো খাবার দেওয়া যেতে পারে। অন্যদিকে, ক্লাস নষ্ট না–করে স্যরদের আনাজ ফলাতে মাঠে নামাকে অবাক চোখেই দেখছে স্কুলের পড়ুয়ারা। একথায় শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের অভিভাবকদের একাংশ।
উল্লেখ্য, ডিসেম্বর থেকে প্রাথমিকে ৭৪ পয়সা বরাদ্দ বেড়ে হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। মাত্র ৭৪ পয়সা বেড়েছে বরাদ্দ। আর তাতেই ক্ষুব্ধ হয়েছে শিক্ষামহলের একাংশ। তাই এবার পড়ুয়াদের কথা চিন্তা করে স্কুলের জমিতে আলু , শাক, ফুলকপি, বাঁধাকপির চাষ করা শুরু করে দিলেন শিক্ষক – শিক্ষিকারা।