নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দেওয়ার ঘটনায় সিউড়ি থানায় হাজিরা দিলেন প্রাক্তন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। বুধবার সকাল ১০টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি সময়ের আগেই সকাল ৬টা নাগাদ তিনি থানায় হাজিরা দিয়েছেন তিনি।
তিনি থানায় পৌঁছতেই টানা শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। জানা গিয়েছে, সকাল দশটায় হাজিরা দেওয়ার কথা ছিল। একদম সকাল সকাল হাজিরা দিয়েছেন বিক্রমজিৎ সাউ। প্রথম নোটিশেই থানায় হাজিরা দিয়েছেন তিনি। বোলপুরের আইসিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন হুমকি দিয়েছিলেন সেযই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, আবেগ তাড়িত হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কাজ করেছিলেন।
লিটন হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন বিক্রমজিৎ সাউ। এই প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, যে সকল অভিযোগ তিনি এনেছেন তা কোন ভিত্তিতে করেছেন? পুলিশের কাছে দেওয়া উত্তরে সন্তুষ্ট হয়নি বলে জানা গিয়েছে। বিক্রমজিৎ’য়ের উত্তর সন্তোষজনক না হওয়ায় আগামীদিনে ফের তাঁকে তলব করা হতে পারে বেল সিউড়ি থানা সূত্রে খবর। এমনকি তদন্তের স্বার্থে তাঁর ফোনটিও বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।
লিটন হালদারকে হুমকি দেওয়ার অপরাধে ৬ বছরের জন্য সাসপেন্ড হয়েছেন তৃণমূল ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেনশন চিঠি পাঠানো হয়েছে ওই নেতাকে। তার দাবি যে ভিডিও কে কেন্দ্র করে দল তাকে সাসপেন্ড করেছে, সেই ভিডিও অনেক পুরনো। ফেসবুকে সে ক্ষমা চেয়েছেন। যদিও এসব মানতে চাননি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য।