নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। নাকানি চোবানি খাইয়ে টানা ১৬ ঘন্টার পর ছাগলের টোপে বন দফতরের খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। ভোর ৩টে ৩২ মিনিটে ধরা পড়ে বাঘ। আর তাতে কিছুটা হলেও মঙ্গলবার স্বস্তি ফিরল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে।
বন দফতর সূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষা করা হবে খাচা-বন্দি বাঘের। সব ঠিক থাকলে আজই তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। তবে কোথায় বাঘটিকে ছাড়া হবে, তা এখনও ঠিক করা হয়নি। ইতিমধ্যেই চলছে বাঘটির শারীরিক পরীক্ষা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পূর্ণবয়স্ক ওই পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১০ বছর বয়স। বলা বাহুল্য ,বাঘ তাড়াতে সোমবার মৈপীঠে গিয়েছিলেন বনকর্মীরা । আর সেইসময় আচমকাই এক বনকর্মীকে উপরে ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার৷ তৎক্ষণাৎ লাঠিসোটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা৷ দীর্ঘক্ষণ চলে জীবন-মরণের টানাটানি । শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করা যায়। তবে তিনি বাঘের হামলায় গুরুত্বর জখম হন । তাই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।
উল্লেখ্য, রবিবার রাতে মৈপীঠের নগেনাবাদ গ্রামে নদী পেরিয়ে চলে আসে বাঘটি। সোমবার সকালে বাঘটিকে তাড়া দিয়ে জঙ্গলে পাঠানো হয়। পরে ফের লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। আর সেইসময় বাঘটি বনকর্মীর ওপর হামলা চালায় । অবশেষে ভোররাতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল সেই বাঘ।