নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা দেওয়া হবে আজ তথা মঙ্গলবার থেকে। নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় ১২ লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা পাঠানো হবে।
জানা গিয়েছে, মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে এক-একজন উপভোক্তা পাবেন ৬০ হাজার টাকা। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা ১ লক্ষ ৩০ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে তারা। ইতিমধ্যে পঞ্চায়েত দফতরের তরফে জেলাগুলিকে মোট ৬,৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে খবর।
এদিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা। তবে ট্যাব জালিয়ারতির মত কোন ছায়া যাতে এই প্রকল্পে না পড়ে তার জন্য সতর্ক থাকবে প্রসাশন। নবান্ন সূত্রে খবর, টাকা যাতে অন্য অ্যাকাউন্টে চলে না যায়, তার জন্য বিডিওদেরই টাকা ছাড়তে উপভোক্তাদের নামের বিল ট্রেজারিতে পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, বাংলার গরিব মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করে দিতে ‘আবাস যোজনা’ প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যে সেই টাকা আসছে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এর জন্য একাধিকবার প্রধানমন্ত্রীর দরবারে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে সেই টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।