নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে উদ্ধার হল এক কিশোরের ক্ষতবিক্ষত দেহ । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়। সেখানেই এদিন সকালে উদ্ধার হয় দেহ। আর তাতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে, নিহত কিশোর হল বছর ১১-এর সুরজিৎ দাস। সে জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে ওই কিশোরের ক্ষতবিক্ষত দেহ তারা পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরজিৎ-তের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, সুরজিতের কানে এবং তার আশপাশে আগুনের ছ্যাঁকা দেওয়ার দাগ রয়েছে। তবে কী করে তাঁর মৃত্যু হল তা এখন জানা যায়নি। বর্তমানে সুরজিৎতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে নিহত কিশোরের পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকেই সুরজিৎ নিখোঁজ ছিল। তাকে খুন করে তার দেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। লালগোলা থানার পুলিশ স্থানীয়দের পাশাপাশি সুরজিৎ-তের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। কিশোরের রহস্যমৃত্যু নিয়েব জোরকদমে তদন্তে নেমেছে পুলিশের আধিকারিকরা।