নিজস্ব প্রতিনিধিঃ নেশা মুক্তি করার নামে একী কাণ্ড! রোগীকে পিটিয়ে করা হল খুন। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। আর এই ঘটনার খবর জানতে পেরেই ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। এরজেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে এখন পর্যন্ত ওই কেন্দ্রের মালিক পলাতক রয়েছেন বলে খবর ।
স্থানীয় সুত্রে খবর, দেড় বছর ধরে সৌরভ মণ্ডল নামে দক্ষিণ গড়িয়া এলাকার এক বাসিন্দা নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে সেখানেই চলছে চিকিৎসা। অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যা থেকে ওই যুবককে ধরে মারধর করা হয়। আর তাতেই ওই যুবক গুরুত্বর জখম হন। এরপর চিকিৎসার জন্য তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানিয়রা।
নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর শুরু হতেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। এরপরেই অর্চনা জানিয়েছেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্র চলছে। এখানে রোগীদের মারধর করার অনেক অভিযোগ রয়েছে। এই ঘটনাটি নিয়ে তদন্ত করা হবে।‘ আপাতত পরিস্থিতি স্বাভাবিকে এনেছে পুলিশ। ওই কেন্দ্রের মালিককে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।