নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতির এখন পাখির চোখ ২০২৬- এর বিধানসভার নির্বাচনে। এই আবহে বিগত কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলা রক্ষার দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তার কিছু দিন যেতে না যেতেই তৃণমূল সুপ্রিমোর দফতরে জমা পড়ল এক চিঠি। তাতে, পরিষ্কার ভাবে ৬ বিধায়ক কৃষ্ণনগর জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সাংসদ মহুয়া মৈত্রকে সরানোর আর্জি জানিয়েছেন।
বিধায়কদের দাবি, প্রতি বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না । তিনি দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় সময় দেন কম। মহুয়ার বদলে যে কাউকে সভাপতি করা হোক, মেনে নিতে সমস্যা নেই বিধায়কদের। চিঠিতে এমন কথার উল্লেখ করেছেন প্রায় ছ’জন বিধায়ক। আর সেই চিঠিতে উজ্জ্বল বিশ্বাস , রুকবানুর রহমান, বিমলেন্দু সিনহা, কল্লোল খান সহ ছয় বিধায়ক স্বাক্ষর করেছেন । চিঠির একটি প্রতিলিপি জমা দিয়েছেন রাজ্য কমিটির তৃণমূল সভাপতি সুব্রত বক্সির কাছেও।
প্রসঙ্গত, মহুয়ার সঙ্গে স্থানীয় বিধায়কদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধায়করা একদিকে যেমন সরব হয়েছেন সাংসদের বিরুদ্ধে। মহুয়ারও পাল্টা অভিযোগ ছিল নির্বাচনের সময় বিধায়কদের সহযোগিতা তিনি পান না। কিন্তু তারপরও দল বারেবারে জাতীয় স্তরে তাঁর পারফরম্যান্সের উপরই আস্থা রেখেছেন। তবে কি দলনেত্রী ভরসা রাখার পরেও কাটছে না দ্বন্দ্ব? আরও কি তীব্র হচ্ছে গৃহযুদ্ধ? চিঠি পেতেই প্রশ্ন রাজনৈতিক মহলের।