নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে রোগী। এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। টানা সাত দিন ধরে নিখোঁজ প্রায় ১২১ জন রোগী। আর নিখোঁজ রোগীদের মধ্যে বেশির ভাগ জনই পুরুষ। জানা গিয়েছে, তারা ভর্তি ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান কমপক্ষে নয় জন। তবে কী করে রোগীরা নিখোঁজ হয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয় রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে, তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ইতিমধ্যেই রোগী নিখোঁজের কথা স্বীকার করেছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফ্যাসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটছে মেডিকেল কলেজে। তা নিয়ে এখন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য হাসপাতাল থেকে রোগী ‘নিখোঁজ’ ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এই ঘটনা প্রথম নয়, এরআগে পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে হাসপাতালের তরফে ব্যাখ্যা করা হচ্ছে, রোগীরা নিয়ম অনুযায়ী ছুটি না নিয়ে চলে যাচ্ছেন। সেইজন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। একথায় গাফিলতির কথা স্বীকার করতে চাইছে না হাসপাতাল।