নিজস্ব প্রতিনিধি, লর্ডস: অবশেষে ঘুচল ‘চোকার্স’ তকমা। আইডেন মার্করামের সিংহ বিক্রমে ব্যাটিংযের সুবাদে টেস্ট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতল প্রোটিয়ারা। সেই সঙ্গে ইতিহাস গড়লেন টেম্বা বাভুমারা। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরে ২৭ বছর বাদে আইসিসির কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা।
লর্ডসে কাগিসো রাবাডার আগুন জড়ানো বোলিংয়ে ২১২ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত পেসে ধসে গিয়েছিল প্রোটিয়ার ব্যাটিং অর্ডার। ১৩৮ রানে শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি অজিরা। ২০৭ রানেই গুটিয়ে গিয়েছিল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ২৮২ রান। শুক্রবার (১৩ জুন) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে সাজঘরে পেরেন প্রোটিয়া ওপেনার রায়াসন রিকেলটন। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে শুরু থেকে দ্রুত রান তোলার চেষ্টা চালান আইডেন মার্করাম ও উইয়ান মুল্ডার। ৮৩ বলে ৬১ রান যোগ করেন দুজনে। মুল্ডারকে (২৭) ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন স্টার্ক। চার নম্বরে ব্যাট করতে নেমে সাবধানে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তবে অন্য প্রান্তে মার্করামের সাবলীল ব্যাটিংয়ে খুব একটা চাপে পড়েননি দক্ষিণ আফ্রিকা। দিন শেষে দুই উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। শতরান করে অপরাজিত থাকেন মার্করাম।
শনিবার (১৪ জুন) চতুর্থ দিনের শুরুতেই বাভুমাকে ফিরিয়ে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১৩৪ বলে পাঁচটি চারের সাহায্যে ৬৬ রান করে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে মার্করাম ও ত্রিস্তান স্টাবস দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। তবে বেশিদূর এগোতে পারেননি স্টাবস। ৪৩ বলে ৮ রান করে মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন। ক্রিজের অন্যপ্রান্তে একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন প্রোটিয়া ওপেনার মার্করাম। অজি বোলারদের সামনে বাঁধার পাহাড় হয়ে দাঁড়ান। পঞ্চম উইকেটে ডেভিড বেডিংহ্যামকে সঙ্গী করেই দলকে এগিয়ে নিয়ে যান। যদিও দল যখন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে তখনই জশ হেজলউডের বলে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম। আউটের আগে করে যান ২০৭ বলে ১৩৬। প্রোটিয়া ওপেনারের ইনিংস সাজানো ছিল ১৪টি চারে।
মার্করাম সাজঘরে ফেরার পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বেডিংহ্যাম ও কাইল ভেরেইনি। এর মধ্যে বেডিংহ্যাম ২১ ও ভেরেইনি ৪ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৬৬ রানে ৩ উইকেট নেন। বাকি দুটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও জশ হেজলউড।