নিজস্ব প্রতিনিধি: উইম্বলডনে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। বুধবার শুরুতে খানিকটা হোঁচট খেলেও অস্ট্রেলিয় টেনিস তারকা আলেকজান্ডার ভুকিচকে ৭-৬ (৭/৫), ৬-২, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন স্প্যানিশ তারকা। পরের রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সি টিয়াফো। ২০২২ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে টিয়াফোকে পাঁচ সেটের ম্যাচে হারিয়ে দিয়েছিলেন।
প্রথম সেটে ৫-২ গেমে এগিয়ে থাকলেও পর পর ভুল করে একসময় ৫-৬ গেমে পিছিয়ে পড়েন আলকারাজ। কিন্তু সেই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ান ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা। টাইব্রেকে প্রথম সেট জেতার পর থেকে আর প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। দ্বিতীয় ও তৃতীয় সেট ৬-২ গেমে জেতেন। তবে প্রায় ১ ঘন্টা ৪৮ মিনিট ধরে চলে ম্যাচ। চার বছর আগে ২০২০ সালে রোঁলা গাঁরোয় ভুকিচের কাছে হেরেছিলেন আলকারাজ। এদিন তার বদলা নিলেন।
লড়াই করে জিতলেও নিজের খেলায় যথেষ্টই খুশি উইম্বলডনের গতবারের চ্যাম্পিয়ন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের খেলায় আমি যথেষ্টই খুশি। প্রথম সেটটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। টাইব্রেকের পরে আত্মবিশ্বাস এসে গিয়েছিল।’