নিজস্ব প্রতিনিধি: উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা বার্বোরা ক্রেচিকোভা। শনিবার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইতালির জ্যাসমিন পাওলিনিকে হারিয়ে দিয়েছেন তিনি। খেলার ফল- ৬-২, ২-৬, ৬-৪। এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ক্রেচিকোভা।
চলতি বছরের উইম্বলডনে সপ্তম বাছাই ছিলেন ইতালির জ্যাসমিন পাওলিনি এবং ৩৫ তম বাছাই ছিলেন চেক কন্যা বার্বোরা ক্রেচিকোভা। এদিন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে পাওলিনিকে দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। প্রতিপক্ষের দু’টি সার্ভিস ভেঙে ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। পিছিয়ে পড়লেও হাল ছেড়ে না দিয়ে দ্বিতীয় সেটে দুরন্তভাবে ফিরে আসেন পাওলিনি। ফের চেনা ফর্মে দেখা যায় তাঁকে। ক্রেচিকোভার সার্ভিস ভেঙে ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।
১-১ সেট হওয়ার পরে নির্ণায়ক হয়ে দাঁড়ায় তৃতীয় সেট। শিরোপা জিততে মরিয়া দুই প্রতিপক্ষ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। সপ্তম গেমে পাওলিনির সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান চেক টেনিস তারকা। নিজের পরের সার্ভিস গেম ধরে রেখে ৫-৩ করে ফেলেন। পরের গেম জিতে ব্যবধান কমান পাওলিনি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট জয়ের সঙ্গে সঙ্গে উইম্বলডনের শিরোপাও জিতে নেন ক্রেচিকোভা। ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা। ওই শিরোপা জয়ের তিন বছর পর উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি।