নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়া হল না নোভাক জোকোভিচের। রবিবার উইম্বলডনের পুরুষদের সিঙ্গলস ফাইনালে আলকারাজের কাছে ফের হেরে গেলেন তিনি। এ নিয়ে টানা দু’বার উইম্বলডন খেতাব জিতলেন স্প্যানিশ টেনিস তারকা। খেলার ফলাফল ৬-২, ৬-২, ৭-৬। উল্লেখ্য, গতবার অর্থাৎ ২০২৩ সালেও উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে জোকোভিচকে হারিয়ে দিয়েছিলেন আলকারাজ।
এদিন অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে ইতিহাস গড়ার হাতছানি ছিল ৩৭ বছর বয়সী জোকোভিচের কাছে। বয়সে ১৬ বছরের ছোট আলকারাজকে হারালে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সুযোগ ছিল। সেই সঙ্গে জোকোভিচের কাছে সুযোগ ছিল ঘাসের কোর্টে রজার ফেডেরারের আটটি উইম্বলডন জেতার রেকর্ড স্পর্শ করার। কিন্তু এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন টানা দ্বিতীয়বার উইম্বলডন জয়ের লক্ষ্য নিয়ে নামা আলকারাজ। যত সময় গড়াল তত দাপট দেখালেন স্প্যানিশ টেনিস তারকা। শক্তির সঙ্গে শিল্পের এক অদ্ভুত মিশেল দেখা গেল তাঁর খেলায়।
প্রথম দুই ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচকে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ সেনসেশন। সার্বিয়ান টেনিস তারকাকে বিধ্বস্ত করে প্রথম সেটটি জেতেন ৬-২ গেমে। একতরফা লড়াইয়ে দ্বিতীয় সেটও ৬-২-এ গেমে জেতেন আলকারাজ। তখন মনে হচ্ছিল, সরাসরি সেটে হয়তো দ্বিতীয়বার উইম্বলডন খেতাব জিততে যাচ্ছেন স্প্যানিশ টেনিস তারকা। তবে তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন জোকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটি গেম পয়েন্টের জন্য ঘাম ঝরাতে হয় দু’জনকেই। একপর্যায়ে স্কোর ছিল ৪-৪। জোকোভিচের পঞ্চম গেমের সার্ভে ব্রেক করেন আলকারাজ। তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গেমটা জিতে স্কোর ৫-৫ করে ফেলেন জোকোভিচ। এরপর দুজনে নিজ নিজ গেম জিতলে সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৪ ব্যবধানে জিতে ঘাসের কোর্টে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেন স্প্যানিশ টেনিস তারকা।