নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কের দায়িত্ব পেয়েছে লিটন দাস। তবে দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের। দুজনকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তিন বছর বাদে জাতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান হংকং ও শ্রীলঙ্কা। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে অভিযান শুরু করবেন লিটন দাসরা। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবেন। এশিয়া কাপের আগেই অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ অগস্ট। পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
শুক্রবার (২২ অগস্ট) নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ব্যক্তিগত কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই তাঁকে এশিয়া কাপেও রাখা হয়নি। তিন বছর বাদে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান। ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তাঁর সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও।
বাংলাদেশের স্কোয়াড :
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।
স্ট্যান্ড বাই (এশিয়া কাপের জন্য) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।