নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রিকেটই হোক কিংবা হকি। ফুটবলই হোক কিংবা কবাডি। পুরুষদেরই হোক কিংবা মহিলাদের। পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলবে না ভারত। এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। তবে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের খেলার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ অগস্ট) ক্রীড়া মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন ‘পাকিস্তানের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে কোনও দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হবে না। তবে আইসিসি সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা আয়োজিত কোনও প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ক্ষেত্রে আপাতত কোনও বিধিনিষেধ আরোপের সম্ভাবনা নেই।’
২০১২-১৩ মরসুম থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে রয়েছে। শুধু পুরুষ দলই নয় মহিলা দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সীমান্তের ওপার থেকে লাগাতার জঙ্গি হামলায় ইন্ধন জোগানোয় পাকিস্তানের মাটিতে গিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানের মাটিতে দল না পাটানোর সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড অনড় থাকায় হাইব্রিড মডেল মেনেই আয়োজন করা হয় দুই প্রতিযোগিতার। অর্থাৎ রোহিত শর্মারা নিরপেক্ষ দেশের মাটিতে খেলেছেন। যদিও একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা।
ক্রীড়া মন্ত্রকের তরফে এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ‘পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনুমতি দেওয়া হবে না ভারতীয় দলগুলিকে। শুধু তাই নয়, ভারতের কোনও দলই পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। পাশাপাশি পাকিস্তানের কোনও টিমকেই ভারতের মাটিতে খেলতে আসার অনুমতি দেওয়া হবে না। তবে আইসিসি, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলি আয়োজিত বহুদেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও বাধা নেই।’ এই কারণেই আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতীয় ক্রিকেট টিমকে অনুমতি দেওয়া হয়েছে।