নিজস্ব প্রতিনিধিঃ ডুরান্ডের পর আইএসএলে খেলতে নামছে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড । সোমবার যুবভারতীতে দুই দল ফের মুখোমুখি হতে চলেছে। তবে এই ম্যাচের আগে প্রশ্ন উঠছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। এদিন আইএসএলে নর্থ ইস্টের বিরুদ্ধে কী খেলতে নামছেন ম্যাকলারেন? রবিবার, নিজেদের মাঠে অনুশীলন করার পরেও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, নর্থ ইস্টের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কিনা।
মোহনবাগান কোচ মোলিনা জানিয়ে দেন, ‘এখনও ঠিক করে উঠতে পারিনি। ম্যাচের আগে দল গঠনের সময় ঠিক করব।‘ তবে মোহনবাগানের মাঠে প্র্যাকটিসের পর সবুজ-মেরুন শিবিরে খোঁজ-খবর নিতে জানা যায়, সোমবার ম্যাকলারেনের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ, এরআগে তিনি কোনদিন আইএসএলে খেলেননি। একথায় বলা যায়, এদিনের ম্যাচে আদৌ ম্যাকলারেনকে দেখা যায় কিনা তা নিয়ে থাকছে সংশয়।
উল্লেখ্য, ডুরান্ডে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবারের ম্যাচ হয়তো প্রতিশোধের ম্যাচ। কিন্ত কোচ মোলিনা বলে দিয়েছেন, ‘ডুরান্ড ফাইনালের সঙ্গে এই ম্যাচটাকে গুলিয়ে ফেললে হবে না। এটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ।‘ এই আবহে আইএসএলের এদিনের ম্যাচে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।