নিজস্ব প্রতিনিধি: ভারত-পাক যুদ্ধের মধ্যে ৯ মে থেকে স্থগিত করা হয়েছিল আইপিএল। জানা গিয়েছে, এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে সমস্ত ম্যাচ। তার পর ১৬ মে আবার শুরু হতে পারে আইপিএল।
এত গুলি দিন পরে ম্যাচ শুরু হওয়ার জন্য ফাইনালও পিছিয়ে যেতে পারে। তবে যে সমস্ত ম্যাচ এখনও বাকি রয়েছে তার জন্য তিনটি কেন্দ্র বেছে রেখেছে বোর্ড।
সংবাদ সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে, “১৬ মে থেকে আবার আইপিএল শুরু করার ভাবনা-চিন্তা করছে বোর্ড। চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে হবে বাকি সকল ম্যাচ। রবিবার রাতের মধ্যে আইপিএলের পরিবর্তিত সূচি ১০ দলকে জানিয়ে দেওয়া হবে। তাদের সম্মতির পরেই নতুন সূচি প্রকাশ করবে বোর্ড।”
ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, “যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে, তাই ২৫ মে-র বদলে ফাইনাল হতে পারে ৩০ মে। রবিবার রাতেই সব দলের কাছে সূচি পাঠিয়ে দেওয়া হবে।” বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পঞ্জাব কিংস ছাড়া বাকি যে ন’টি দল রয়েছে, তাঁদের মঙ্গলবারের মধ্যে নিজেদের ঘরের মাঠে একত্রিত হতে হবে। তাহলেই বোর্ডের পক্ষে আগামী শুক্রবার থেকে খেলা শুরু করা সম্ভব হবে। এমনকি প্রত্যেক দলের বিদেশি খেলোয়াড়রা কবে ফিরছে সেই তথ্যও বোর্ডকে জানাতে হবে।
শুক্রবার আইপিএল স্থগিত হওয়ার পর পরই বিদেশি ক্রিকেটাররা তাঁদের দেশে চলে যায় বলে জানা যায়। যদি ৭ দিনের মধ্যে খেলা শুরু হয় তাহলে তাঁদের পুনরায় ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আইপিএলের মোট ১২টি ম্যাচ এখনও গ্রুপ পর্যায়ের বাকি। তাই বোর্ডের প্লে-অফ শেষ করার জন্য অন্তত এখনও দু’সপ্তাহ সময় লাগবে। আর গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার জন্য ছ’দিন পাওয়া যাবে। ফলে, প্রত্যেক দিন দু’টি অন্তত ম্যাচ ফেলতেই হবে। এরকম ভাবেই সূচি তৈরি করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
এই বিষয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, তাঁরা ভারতে তাদের খেলোয়াড় পাঠাবে কি না তা এখনও ঠিক করেননি। যদি কোনও বিদেশি দল তাঁদের ক্রিকেটার না পাঠায়। তাহলে সমস্যা হবে ম্যাচের ফলাফলে। এখন সকলের নজরেই বোর্ডের প্রস্তাবের পর দলগুলির কী প্রতিক্রিয়া দেয় ও কী সিদ্ধান্ত নেয়।