নিজস্ব প্রতিনিধি : ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল উন্মাদনা। চারিদিকে শুধু আইএসএলের কলকাতা ডার্বি রব। খুব বেশি দেরি নেই। আগামী ১৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে অনলাইনে। এই ম্যাচ ঘিরে টিকিট কেনার জন্য হইচই পড়ে গিয়েছে চারিদিকে। তবে সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটা যাবে।
তবে আইএসএলের বড় ম্যাচের টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে। মোহনবাগান সমর্থকদের উৎসাহও রয়েছে প্রচুর। অনলাইনে ৩০০, ৩৫০, ৪০০ এবং ৫০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। তবে ১৫০০ এবং ৩০০০ টাকা মূল্যের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে না। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স এখনও পর্যন্ত অত্যন্ত হতাশাজনক। চারটি ম্যাচ খেলে সবগুলিই হেরেছে ইস্টবেঙ্গল। এক মাত্র ইস্টবেঙ্গলই এখনও কোনও পয়েন্ট পায়নি।
অন্য দিকে, মোহনবাগানের চার ম্যাচে সংগ্রহ করেছে ৭ পয়েন্ট। আইএসএলের পয়েন্ট তালিকায় সবুজ-মেরুন ব্রিগেড রয়েছে চতুর্থ স্থানে। এখন থেকেই সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মত। টিকিট বিক্রি চলবে ১৮ অক্টোবোর অবধি। ইতিমধ্যেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই।
কীভাবে মিলবে টিকিট : অনলাইনে টিকিট কাটা থাকলে ইস্টবেঙ্গল সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। অফলাইন টিকিটের ক্ষেত্রে দুই দলের সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাব ও রুবি হাসপাতালের জংশন থেকে টিকিট কাটতে পারবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।