নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইতালি ও স্পেন। ২০০৮ সাল থেকে টানা পাঁচ বার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুটি দল। পাঁচটি ম্যাচে দুটি দলই দুটো করে ম্যাচ জিতেছে। অন্যদিকে ইউরো কাপের অন্য ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। গত ইউরো কাপে সেমিফাইনালে ড্যানিশদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইংরেজরা। এবারে গ্রুপ পর্বেই পরম্পরের মুখোমুখি হচ্ছে দুই দল।
একটা সময়ে জাভি, ইনিয়েস্তারা স্পেনের ফুটবলকে মাতিয়েছে। এবারে স্পেনের ফুটবল দলে যে একাধিক তরুণ তারকাদের সমাগম হয়েছে, তাঁদের জাভি, ইনিয়েস্তাদের মতোই খেলাতে চাইছে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তো। এবার স্পেনের দলে পেদ্রি, লেমিনে ইয়েমাল, রদ্রি, নিকো উইলিয়ামসদের ওপর নজর রয়েছে ফুটবল মহলে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই তিন গোল দিয়েছিল স্পেন। এদিন ইতালির বিরুদ্ধে নামার আগে ইয়েমাল, পেদ্রিদের আত্মবিশ্বাস যে তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে ২-১ গোলে কোনওমতে জিতেছে ইতালি। এদিন স্পেন যে ইতালির থেকে কিছুটা এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তো জানিয়েছেন, ‘জাতীয় দলে আমাদের অনেক মুখ রয়েছে। ফলে আমরা নতুন পরিকল্পনা নিয়ে নামব, সেটা প্রতিপক্ষ ধরতেই পারবে না। ইতালির সামনে নতুন স্পেনকে দেখা যেতে পারে।‘ অন্যদিকে ইতালির কোচ লুসিয়ান স্পালেত্তি স্পেনকে যে সহজে জমি ছেড়ে দেবেন না, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে চলেছি। বল যদি ওদের নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে খুব খারাপ ফল অপেক্ষা করছে। গোলের সামনে কতবার বল নিয়ে যেতে পারছি, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।‘
অন্যদিকে এদিন ক্রিশ্চিয়ানো এরিকসনদের বিরুদ্ধে নামছে হ্যারি কেইনের ইংল্যান্ড। বিশেষজ্ঞরা ডেনমার্ক থেকে ইংল্যান্ডকে এবারেও এগিয়ে রাখছে। গত ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে কোনওমতে জয়লাভ করেছে ইংল্যান্ড। এবারে কী ড্যানিশদের হারিয়ে শেষ ষোলোয় যাওয়া পাকা করতে পারবে ইংলিশ ফুটবলাররা, এখন সেটাই দেখার। তবে ইংল্যান্ডকে যে সহজে জমি ছেড়ে দেবেন না ড্যানিশরা, এমনটাই অভিমত ওয়াকিবহাল মহলের।