নিজস্ব প্রতিনিধি: আইপিএলের (IPL 2025) উত্তেজনাপূর্ণ ২৩তম ম্যাচে রাজস্থান রয়্যালস (RR) ও গুজরাত টাইটান্স (GT)-এর মধ্যে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ রাজস্থানের ব্যাটিংয়ের সময় সপ্তম ওভারে রিয়ান পরাগের আউট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ে মাঠ ও মাঠের বাইরে।
কুলবন্ত খেজরোলিয়ার বলে অফ-স্টাম্পের বাইরের একটি ডেলিভারি পরাগের ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটের পিছনে থাকা জস বাটলারের দস্তানায়। অন-ফিল্ড আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন, কিন্তু পরাগ তৎক্ষণাৎ DRS নেন। রিপ্লেতে দেখা যায় ব্যাট মাটি ছোঁয়ার ঠিক আগেই snickometer-এ শব্দের রেখা দেখা যায়, যা কিছুটা সন্দেহের সৃষ্টি করে।
তবে তৃতীয় আম্পায়ার বেনিফিট অব ডাউটে অন-ফিল্ড সিদ্ধান্তকেই বজায় রাখেন। এতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রিয়ান পরাগ। তিনি মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে ড্রেসিংরুমে ঢোকার সময় রাগের মাথায় ব্যাট দিয়ে টানেলের দেওয়ালে আঘাত করেন। তাঁর এই আচরণ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
অন্যদিকে, ম্যাচে দারুণ জয় পেয়েছে গুজরাত টাইটান্স। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচে GT ৫৮ রানে হারিয়েছে RR-কে। প্রথমে ব্যাট করতে নেমে সাই সুদর্শন-এর বিধ্বংসী ৮২ রানের ইনিংসের ওপর ভর করে GT তোলে ২১৭/৬। পরে তাদের বোলাররা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে RR-এর ব্যাটিং লাইনআপকে মাত্র ১৯.২ ওভারে ১৫৯ রানে গুটিয়ে দেয়।
এই জয়ের ফলে গুজরাত টাইটান্স লিগ টেবিলের শীর্ষে উঠে আসে। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে তাদের সংগ্রহ এখন ৮ পয়েন্ট। বিপরীতে, রাজস্থান রয়্যালস পাঁচ ম্যাচে তিনটিতে হার এবং মাত্র দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে যায়।RR অধিনায়ক সঞ্জু স্যামসননের টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন, যা শেষ পর্যন্ত দলের পক্ষে কাজে আসেনি।
IPL-এর প্রতি মরশুমেই কিছু বিতর্ক থাকেই। এবারও তার ব্যাতিক্রম নয়। রিয়ান পরাগের মত তরুণ খেলোয়াড়ের আবেগের বহিঃপ্রকাশ ও প্রযুক্তি নির্ভর সিদ্ধান্ত নিয়ে চিরচেনা বিতর্ককে আবারও সামনে নিয়ে এল। IPL 2025-এ এমন আরও অনেক কিছু বিতর্ক দেখতে পারেন দর্শকরা।