নিজস্ব প্রতিনিধি, করাচি: কোটা সংস্কার আন্দোলনের সময়ে টি টোয়েন্টি লিগ খেলতে কানাডায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। অথচ শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় দায়ের হয়েছে খুনের মামলা। এমনকি বাংলাদেশ ক্রিকেট দল থেকে তাঁকে বাদ দেওয়ার দাবি জানিয়ে পাঠানো হয়েছে আইনি নোটিশ। দেশে ফিরলেই সাকিবকে গ্রেফতার করার হুমকি দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। ফলে খানিকটা চাপে পড়ে গিয়েছেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার। তবে মানসিক চাপে থাকা সত্বেও পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব। এবার দলের পূর্বসূরির বিরুদ্ধে খুনের মামলা দায়ের নিয়ে সরব হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ সোমবার ফেসবুকে প্রাক্তন অধিনায়ক সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েচেন বাংলাদেশ জাতীয় দলের অধিনাযক। তীব্র উষ্মা প্রকাশ করে শান্ত লিখেছেন, ‘সাকিব (ভাই) আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’
সুত্রের খবর, বাংলাদেশে যেভাবে পাকিস্তানি চররা ক্ষমতার অলিন্দে জাঁকিয়ে বসেছেন তাতে দেশে ফেরার কোনও ঝুঁকি নিতে রাজি নন সাকিব। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষেই ফের কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি। সতীর্থদের তা জানিয়েও দিয়েছেন। প্রয়োজন হলে পাকিস্তান সফর শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানাতে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।