নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা আওয়ামি লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল আদালত। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব-সহ ১৫ জনের দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর দায়রা বিচারক জাকির হোসেন গালিব। সোমবার (১৬ জুন) দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই তাঁর মাগুরার বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করেছিল জামায়াত ইসলামী ও বিএনপির সন্ত্রাসীরা। ওই সময় কানাডায় ছিলেন সাকিব। এর পরে বেশ কয়েকটি মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে খুন-গুমের মতো গুরুতর অপরাধের মামলাও। পাশাপাশি, গত ৯ জানুয়ারি চেক প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
এখানেই শেষ নয়। শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার তরফে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়। এদিন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ঢাকা মহানগর দায়রা বিচারক জাকির হোসেন গালিবের এজলাসে হাজির হয়ে অভিযোগ করেন ‘সাকিব-সহ ১৫ জন শেযারবাজার থেকে অবৈধভাবে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত করেছেন। তারা দেশ ছাড়তে পারেন। ফলে দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক।’ উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।