নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ওই প্রতিযোগিতার কথা মাথায় রেখে টিম ইন্ডিয়াকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।। সূত্রের খবর, টি টোয়েন্টি বিশ্বকাপ দলের মেন্টর হিসাবে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কথা ভেবেছেন বোর্ড কর্তারা। ইতিমধ্যেই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ককে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।। যদিও ওই প্রস্তাব নিয়ে নিজের মতামত জানাননি ক্যাপ্টেন কুল।
২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেবার ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং কোচ ছিলেন রবি শাস্ত্রী। যদিও সেমিফাইনালে পৌছতে পারেনি টিম ইন্ডিয়া। দীর্ঘ ১৭ বছরের অভিশাপ কাটিয়ে গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টি টোয়েন্টি কাপ জিতেছিল। আগামী বছর যাতে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখা যায়, তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন বিসিসিআই কর্তারা।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘টি টোয়েন্টি বিস্বকাপ দলের জন্য ভারতীয় দলের মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য ধোনিকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনও এ বিষয়ে কিছু জানায়নি সে।’ ধোনিকে মেন্টর হিসাবে নিয়োগ করা হলে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সঙ্ঘাত বাঁদতে পারে কিনা কিংবা কোনও সমস্যা হতে পারে কিনা তা জানতে চাওয়া হয়েছিল ওই বোর্ড কর্তার কাছে। জবাবে তিনি বলেন, ‘দলের স্বার্থে একাধিক ব্যাক্তিকে নিয়োগ করা হতে পারে। প্রত্যেকেরই আলাদা-আলাদা দায়িত্ব। ফলে কারও ক্ষুব্ধ হওয়ার কোনও কারণ নেই।’