নিজস্ব প্রতিনিধি : খেলার মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা হল সৌভাগ্যের বিষয়। আর সিটে বসে দলের হয়ে গলা ফাটানোর আনন্দ খেলাপ্রেমীদের জন্য বিশেষ প্রাপ্তি বলা যেতে পারে।এই আনন্দ পেতে ভক্তরা কত কাণ্ডই না করে থাকেন।নিজের দলের হয়ে খেলা দেখতে সাইকেলে করে ১৪০০০ কিলোমিটার পাড়ি দিলেন মঙ্গোলিয়ার এক ফুটবল অনুরাগী। দীর্ঘ ১১ মাস ধরে সাইকেল চালিয়ে অবশেষে গন্তব্যে পৌঁছলেন তিনি।
এক নয়, ১০০ নয় দীর্ঘ ১৪০০ কিলোমিটার সাইকেলে করে পাড়ি দেওয়া মোটেও সহজ কাজ নয়। কিন্তু ফুটবলকে ভালবেসে এমনই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মঙ্গোলিয়ার ওই ফুটবল অনুরাগী। এই তরুণের নাম হল অচিরভ্যান ব্যাটবোল্ড। তাঁর প্রিয় দল হল ব্রিটেনের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড(ম্যানইউ)। মাত্র পাঁচ বছর বয়স থেকেই অচিরভ্যান ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন। স্বপ্ন দেখতেন, পেশাদার ফুটবলার হবেন। এক দিন বড় হয়ে খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। কিন্তু অচিরভ্যানের এই স্বপ্ন অধরা থেকে যায়। দালালের খপ্পরে পড়ে বড় অঙ্কের অর্থ খুইয়েছে এই তরুণ ফুটবলার।
এরপর থেকেই হতাশায় ভেঙে পড়েছিলেন অচিরভ্যান। হতাশা থেকে বেরিয়ে আসতে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ দিতে কঠিন এক সিদ্ধান্ত নেন অচিরভ্যান। মঙ্গোলিয়া থেকে ২০২৩ সালের মে মাসে সাইকেলে চড়ে ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের পথে যাত্রা শুরু করেছিলেন তিনি। ১১ মাস ধরে সাইকেল চালিয়ে ২০টি দেশ পাড়ি দিয়ে ২০২৪ সালের এপ্রিলে ওল্ড ট্রাফোর্ডে পৌঁছান অচিরভ্যান। স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয় তাঁর কাছে। প্রিয় খেলোয়াড় ওয়েইন রুনি সেখানে তাঁকে স্বাগত জানান। প্রথমবারের মতো মাঠে বসে প্রিয় দলের খেলা দেখেন অচিরভ্যান
মঙ্গোলিয়া থেকে যাত্রা শুরুর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে একটি চিঠিও লিখেছিলেন অচিরভ্যান। চিঠিতে তিনি নিজের পরিচয় দেন একজন ‘পাগল ভক্ত’ হিসেবে। নাম অচিরভ্যান ব্যাটবোল্ড। বন্ধুরা তাঁকে অচিরো বলে ডাকেন।চিঠিতে অচিরভ্যান আরও লেখেন, তাঁর প্রিয় খেলোয়াড় ওয়েইন রুনি। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার রুনি দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন।