নিজস্ব প্রতিনিধি : মেজর লিগ সকারের(এমএলএস) প্রথম প্লে অফের ম্যাচে শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামি জিতেছে ২-১ গোলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। অবশ্য মেসির অপেক্ষায় ছিল বটে। কিন্তু মেসি গোল না পেলেও আলবার করা ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তারই সহায়তায়।
এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচ হবে ৩ নভেম্বর ভোর ৫টায়, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। এরপর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। বলা যেতে পারে সেই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার পথেও একধাপ এগিয়ে গেল মায়ামি।
চেজ স্টেডিয়ামের খেলা শুরু হয় লুইস সুয়ারেজের গোলে। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার।সেই গোলেই ম্যাচের সুর বেঁধে নেয় মায়ামি। এরপর প্রতিপক্ষের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে তারা।
৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি।৫৬ মিনিটে মেসির তৈরি করে দেওয়া দারুণ এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মায়ামি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। অবশ্য মেসি গোল না পেলেও নিষ্প্রভ ছিলেন না। বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। সপ্তপম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত।